প্রথম বিদেশ সফরে জার্মানিতে ব্রিটেনের রাজা চার্লস
আন্তর্জাতিক ডেস্ক: প্রথম বিদেশ সফরে জার্মানিতে গেলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বুধবার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে বিমানবন্দরে পৌঁছান তিনি। তিনদিনের এ সফরে বার্লিন-লন্ডন দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ুসহ নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে।
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। দায়িত্ব নেয়ার পর প্রথমবার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে নিয়ে তিন দিনের সফরে জার্মানিতে গেলেন তিনি। বুধবার দুপুরে বার্লিনে পৌঁছালে তাকে বিমানবন্দরে অভ্যার্থনা জানান জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার ও দেশটির সেনাবাহিনীর চৌকস দল।
পরে রাজার গাড়ি বহরটি বিমানবন্দর থেকে আসে বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে। সেখানে তৃতীয় চার্লসকে আরও একবার লাল গালিচা অভ্যার্থনা জানান জার্মান প্রেসিডেন্ট ও তার স্ত্রী। বাজানো হয় দুদেশের জাতীয় সংগীত।
ব্রিটিশ রাজা চার্লসকে স্বাগত জানাতে দুদেশের পতাকা হাতে বার্লিনের রাস্তায় শত শত মানুষ অপেক্ষা করে। এ সময় রাজাকে এক নজর দেখতে পেরে উচ্ছ্বসিত স্থানীয়রা।
ব্রেক্সিট পরবর্তী জার্মানির সঙ্গে ব্রিটেনের সম্পর্কোন্নয়নই এ সফরের মূল উদ্দেশ্য বলে মনে করছে বিশ্লেষকরা। একইসঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনসহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে রাজার তিন দিনের সফরে।
তিনদিনের এই সফরে জার্মান পার্লামেন্টে ভাষণ, বেলভ্যু প্রসাদে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন রাজা তৃতীয় চার্লস। এছাড়াও চ্যান্সেলর শলজ ও বার্লিনের মেয়র ফ্রান্সিস্কা গিফাই এর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
একইসঙ্গে যুক্তরাজ্য সৈন্যদের ঘাঁটি এবং দেশটিতে ইউক্রেন থেকে আসা রাজনৈতিক অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়স্থল ঘুরে দেখার কথা রয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের।









