ব্রাহ্মণপাড়ায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ও ভেজাল সেমাই জব্দ
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার সদর বাজার, চান্দলা বাজার ও সাহেবাবাদ বাজারসহ বিভিন্ন বাজারে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানা অনিয়মের অভিযোগে সাত প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এছাড়া এ অভিযানে ব্রাহ্মণপাড়া সদর বাজারের একটি মুদি মালের দোকান থেকে ৮৩ প্যাকেট ভেজাল সেমাই জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এতে স্যানিটারি পরিদর্শক পারভীন সুলতানা ও উপপরিদর্শক (এস.আই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, বাজারের উর্ধ্বগতি, অবৈধ মূল্যে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পন্য বিক্রির জন্য এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তিনি।










