কুবি প্লাটুনের আয়োজনে বিএনসিসির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্যোগে বিএনসিসির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। গত (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ ছিল আকর্ষণীয় র্যালি ও কেক কাঁটা। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভার্স্কযের সামনে এসে শেষ হয়।
পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম, ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হায়দার মাহমুদসহ প্লাটুনের অন্যান্য ক্যাডেটরা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিএনসিসি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। এছাড়া সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম বলেন, ‘স্বাধীনতাসহ বিভিন্ন পর্যায়ে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের ধারাবাহিকতায় বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন তার কার্যক্রম পরিচালনা করছে এবং ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।’ উল্লেখ্য ২০০৬ খ্রিষ্টাব্দে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ খ্রিস্টাব্দ থেকে কুমিল্লার ময়নামতি রেজিমেন্টের অধীনে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এ বিএনসিসি প্লাটুন।










