এনার্জি উইকের অনুষ্ঠানে মোদিকে মেসির জার্সি উপহার আর্জেন্তাইন সংস্থার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজয়ের পর এক অভিনন্দন বার্তায় আর্জেন্তিনা জাতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ৷ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ফুটবল ইতিহাসের অন্যতম রোমহর্ষক ম্যাচ আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার বেঙ্গালুরুতে এনার্জি উইকের অনুষ্ঠান চলাকালীন লিওনেল মেসির জার্সি উপহার দেওয়া হল তাঁকে৷ এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতা শেষ করার পরেই আর্জেন্তিনার সংস্থা ওয়াইপিএফ এর তরফে নীল-সাদা জার্সি গিফট করা হয় মোদিকে ৷
এদিন গার্ডেন সিটিতে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শেষ করার পর আর্জেন্তাইন সংস্থা ওয়াইপিএফ-এর প্রেসিডেন্ট পাবলো গঞ্জালেস নরেন্দ্র মোদির হাতে ‘ফুটবলের বরপুত্রে’র জার্সি তুলে দেন ৷ এনার্জি উইকে এদিন মোদি তাঁর ভাষণে ভারতে শক্তির চাহিদা বৃদ্ধি, দেশের তেল ও গ্যাস অনুসন্ধান এবং সবুজ হাইড্রোজেন-সহ নতুন শক্তিতে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি তার জুতসই কারণগুলি ব্যাখ্যা করেন।এমনিতেই খেলাধুলোর বাড়তি গুণগ্রাহী দেশের প্রধানমন্ত্রী ৷ দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে তাঁর পৃষ্ঠপোষকতাতেই ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের পরিসর বেড়েছে উল্লেখযোগ্যভাবে ৷ ৩৬ বছর পর কাতারে ফের ফুটবল বিশ্বকাপ জেতায় লা আলবিসেলেস্তে’কে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী৷
মোদি লিখেছিলেন, “এই ম্যাচ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা থ্রিলার ম্যাচে হিসেবে অনুরাগীদের মনে গেঁথে থাকবে ৷ আর্জেন্তিনাকে অভিনন্দন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য ৷ টুর্নামেন্টজুড়ে তারা অনবদ্য ফুটবল উপহার দিয়েছে ৷ ভারতে ছড়িয়ে থাকা অসংখ্য আর্জেন্তিনা এবং মেসির অনুরাগী দুর্দান্ত এই জয় উপভোগ করছে ৷”
এদিকে কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা থাকলেও এখনও বহাল তবিয়তেই খেলবেন বলে জানিয়েছেন লিও ৷ তবে মার্কিন মুলুকে ২০২৬ বিশ্বকাপ খেলবেন কি না, সে ব্যাপারে এখনও কিছু বলেননি পঁয়ত্রিশের মেসি ৷ এলএমটেন বিশ্বজয়ের পর বলেন, “বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ আমার পক্ষে অত্যন্ত কঠিন ৷ আমি যতদিন ফুটবলকে উপভোগ করব এবং স্বচ্ছন্দে খেলার মত জায়গায় থাকব ততদিন ফুটবল খেলে যাব ৷ তবে আগামী বিশ্বকাপ এখনও অনেকটাই বাকি ৷ দেখি তার আগে আমার কেরিয়ার কোন পথে বাঁক নেয় ৷”









