39735

জাফর ইকবাল ও আলতাফ মাহমুদের জন্মদিন আজ

নিউজ ডেস্ক: দেশে বৈজ্ঞানিক কল্পকাহিনির অন্যতম পথিকৃৎ ড. মুহম্মদ জাফর ইকবালের ৭১তম জন্মদিন আজ শুক্রবার। ১৯৫২ সালের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি ও ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। তিনি ১৯৮২ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তাঁর বড় ভাই এবং রম্য ম্যাগাজিন উন্মাদের সম্পাদক, লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব ছোট ভাই।

১৯৯৪ সালে প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরে অধ্যাপক হিসেবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগে যোগ দেন মুহম্মদ জাফর ইকবাল। দেশের প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফাইবার অপটিক ইন্টারনেট ব্যাকবোন নির্মিত হয় তাঁর ঐকান্তিক প্রচেষ্টায়। গত বছর তিনি শাবিপ্রবি থেকে অবসর নেন।

ads

সাহিত্যমনস্ক পরিবারের সন্তান জাফর ইকবাল খুব অল্প বয়সেই লিখতে শুরু করেন। তিনি প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখেন সাত বছর বয়সে। তাঁর প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন গল্প ‘কপোট্রনিক ভালোবাসা’। এটি সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশ হয়। তাঁর লেখা অনেক কিশোর উপন্যাস থেকে জনপ্রিয় চলচ্চিত্র ও নাটক নির্মিত হয়েছে। এ ছাড়া তিনি নিয়মিত কলাম ও বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন।

প্রখ্যাত এই শিক্ষাবিদ ও কথাসাহিত্যিকের সায়েন্স ফিকশন, ভৌতিক রচনাবলি, শিশুতোষ রচনাবলি, ইতিহাস, কিশোর উপন্যাস, উপন্যাস, স্মৃতিচারণা, ছোটগল্পসহ দেড় শতাধিক বই প্রকাশ হয়েছে। গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তিনি।

ads

আলতাফ মাহমুদ

একজন বাংলাদেশি সুরকার, সংস্কৃতিকর্মী ও স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা। একজন ভাষাসৈনিক এবং শহীদ দিবস নিয়ে রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির বর্তমান সুরটি তারই করা। এই গানের সুরকার হিসেবেই তিনি সমধিক পরিচিত। একুশে পদক, স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছেন। ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশাল জেলার মুলাদী উপজেলার পাতারচর গ্রামে আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৩০ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আলতাফ মাহমুদকে ঢাকার আউটার সার্কুলার রোডের বাসা থেকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত