জেরুজালেমে দূতাবাস সরানোর পরিকল্পনা নেই ব্রিটেনের
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল থেকে জেরুজালেমে দূতাবাস সরানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাজ্যের। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একজন মুখপাত্র জানিয়েছেন, তেল আবির থেকে ব্রিটিশ দূতাবাস সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল সেখান থেকে সরে এসেছে যুক্তরাজ্য। খবর আল জাজিরা।
লিজ ট্রাস পদত্যাগ করার পর গত সপ্তাহে সুনাকের মুখপাত্র হিসেবে তাকে নিয়োগ করা হয়। বৃহস্পতিবার তিনি আল জাজিরার প্রতিনিধিকে জানান, আগের প্রশাসন তেল আবির থেকে দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
ইসরায়েল জেরুজালেমকে রাজধানী হিসেবে ঘোষণা করার পরও যুক্তরাজ্য তাদের দূতাবাস তেল আবির থেকে সরায়নি। শুধু তাই নয় তেল আবিরে আরও অনেক দেশের দূতাবাস রয়েছে।
গত সেপ্টেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লেপিড লিজ ট্রাসকে আমন্ত্রণ জানানোর পর সে সময়ে ট্রাস জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার কথা ব্যক্তি করেন।
জেরুজালেম নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ চলছে। উভয়ই এ স্থানকে নিজেদের পবিত্র স্থান বলে মনে করেন। যদিও প্যালেসটাইন কর্তৃপক্ষ (পিএ) অভিযোগ করছে যে ১৯৬৭ সাল থেকে অবৈধভাবে পশ্চিম জেরুজালেম দখল করে আছে ইসরায়েল বাহিনী।









