38591

ঢাকা মেডিকেল কলেজে ‘ফিজিয়াট্রি দিবস’ পালিত

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ফিজিয়াট্রি দিবস ২০২২’।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢামেক প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ টিটু মিয়া।

ads

উদ্বোধন ঘোষণার পর বিভিন্ন বিভাগের সিনিয়র জুনিয়র চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ।

ads

এরপর দুপুরে ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন অডিটোরিয়ামে একটি বৈজ্ঞানিক কর্মশালার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ স্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান।

এবারের ফিজিয়াট্রি দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘Leading the way’। ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বা ফিজিয়াট্রি চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা যা অন্যান্য শাখার মত শুধুমাত্র রোগীদের রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদানই করে না, বরং রোগীদের অক্ষমতাকে সক্ষমতার দিকে পুনর্বাসিত করার মাধ্যমে একটি কর্মক্ষম এবং গুণগত জীবনমান প্রদান করতে সাহায্য করে।

মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রণাঙ্গনে আহত এবং পঙ্গুত্ব বরণকারী বিপুল সংখ্যক সৈনিক এবং সাধারণ মানুষের অক্ষমতাকে পুনর্বাসিত করার প্রয়াসে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিজ্ঞানের এই বিশেষারিত শাখার গতিশীল বিকাশ শুরু হয়।

ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক বা ফিজিয়াট্রিস্টরা স্ট্রোক, মস্তিষ্কের আঘাত, স্পাইনাল কর্ড ইনজুরি, সড়ক ও অন্যান্য দুর্ঘটনা জনিত পঙ্গুত্ব, শিশুদের জন্মগত সেরেব্রাল পালসি, বাত-ব্যথা-আর্থ্রাইটিস, মাংসপেশী, অস্থি এবং অস্থিসন্ধির অন্যান্য রোগের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে থাকেন।

ফিজিয়াট্রিস্টদের চিকিৎসা পদ্ধতিতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সকল রোগ নির্ণয়ের উপকরণ, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা মাধ্যমের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যায়াম, থেরাপি এবং চলাচল ও দৈনন্দিন কার্যক্রমকে সহজ করার জন্য নানাবিধ ডিভাইস ও কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার পরিলক্ষিত হয়। ফিজিয়াট্রিস্টদের অধীনে এবং তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন নার্স ও অন্যান্য চিকিৎসা সংশ্লিষ্টরা সমন্বিতভাবে সেবা প্রদান করে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগে আধুনিক ফিজিয়াট্রি চিকিৎসার সকল উপকরণ, সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী ও অন্যান্য সেবা প্রদানকারীরা রয়েছেন যাঁরা নিষ্ঠার সাথে রোগীদের সেবা প্রদান করে যাচ্ছেন।

উল্লেখ্য, এই বিভাগের অধীনে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ রোগী বহির্বিভাগে সেবা নিয়ে থাকেন এবং ২০ থেকে ২৫ জন রোগী হাসপাতালের অন্তবিভাগে ভর্তি থেকে সেবা গ্রহণ করেন।

সম্প্রতি এই বিভাগে অত্যাধুনিক মাসকুলোস্কেলেটাল আলট্রাসনোগ্রাফি মেশিন সংযুক্ত হয়েছে যার মাধ্যমে বিভিন্ন ধরনের জটিল রোগ নির্ণয় এবং “মিনিমালি ইনভেসিভ ইন্টারভেনশন” পদ্ধতির মাধ্যমে রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে। এছাড়া চিকিৎসা শিক্ষা এবং গবেষণাতেও এই বিভাগের শিক্ষক ও চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

ভবিষ্যতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগে আরও আধুনিক মেশিন এবং স্বতন্ত্র অপারেশন থিয়েটার কমপ্লেক্স স্থাপন করা হলে রোগীদের সর্বাধুনিক ও সর্বোচ্চ মানের সেবা প্রদান করা সম্ভব হবে বলে এই বিভাগের চিকিৎসকগণ মনে করেন।

ad

পাঠকের মতামত