শস্য চুক্তি নিয়ে মস্কোর অবস্থান স্পষ্ট করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ও খাদ্যশস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি নিয়ে মস্কোর অবস্থান স্পষ্ট করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। একই কারণে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি কর্মসূচি স্থাগতি করেছে রাশিয়া। তবে এ চুক্তি বাতিলের কোনো ইঙ্গিত দেননি তিনি।
এ সময় মস্কোর নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেন ও ব্রিটিশ নৌবাহিনীকে দায়ি করেন রুশ প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সোমবার এক টেলিভিশন সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনীয় ড্রোনগুলো একই সামুদ্রিক করিডোর ব্যবহার করেছিল, যে করিডোর দিয়ে জাতিসংঘের চুক্তির অধীনে শস্যবাহী জাহাজগুলো চলাচল করে।
পুতিন আরও বলেন, আমরা শুধু এটাই করতে পারি, বিষয়টি এমন নয়। এ ঘটনায় আরও পদক্ষেপ নেওয়া যেতে পারে।
তবে শস্য রপ্তানি কর্মসূচির ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ এসব হামলার দায় অস্বীকার করেছে। একইসাথে শস্য কর্মসূচির নিরাপত্তা করিডোরে হামলা চালানোর বিষয়টিও অস্বীকার করেছে জেলেনস্কি প্রশাসন।
এদিকে জাতিসংঘ বলছে, শনিবার ক্রিমিয়ায় রুশ জাহাজে আক্রমণ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু সে সময় কোনো রুশ জাহাজ কৃষ্ণ সাগর রুট ব্যবহার করেনি।
অন্যদিকে, রুশ আগ্রাসন শুরুর ২৫০ তম দিনে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে এক বিবৃতিতে বলেন, রাশিয়ার বাহিনী সোমবার অন্তত ছয়টি ইউক্রেনীয় অঞ্চলে অবকাঠামোতে গোলাবর্ষণ করেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ হামলায় জলবিদ্যুৎ বাঁধসহ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ টেলিগ্রামে বলেছেন, হামলার পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের প্রায় দুই লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন ছিলেন।









