38029

তাজা সবজি কিনতে বাজারে হাজির ভারতের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ এই মিষ্টি আলু ভালো হবে তো?’ রাস্তার পাশে দোকানের ঝুড়ি থেকে মিষ্টি আলু বাছতে থাকা মহিলার প্রশ্ন শুনে ঘুরে দেখে চমকে উঠেছিলেন চেন্নাইয়ের মাইলাপুর বাজারে হাজির ক্রেতা-বিক্রেতারা। আরে এতো খোদ দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! সাধারণ মানুষের মতো তিনিও সবজি বাজারে!

শনিবার চেন্নাই সফরের ফাঁকে গাড়ি থামিয়ে হঠাৎ করেই সবজি কিনতে বাজারে চলে যান ভারতীয় অর্থমন্ত্রী। কথা বলেন বাজারে উপস্থিত জনতার সঙ্গেও। বেশ কিছু সবজিও কিনতে দেখা যায় তাকে। অর্থমন্ত্রীর দপ্তর থেকে সেই ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শুরু আলোচনা। যার হাতে দেশের অর্থনীতির ভার, বাজারে গিয়ে আম জনতার অবস্থা কি আঁচ করতে পারলেন তিনি? সেই প্রশ্নেই সরগরম নেটপাড়া।

ads

শনিবার একদিনের সফরে চেন্নাই গিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় সেই সফরের মাঝেই গাড়ি থামিয়ে চেন্নাইয়ের মাইলাপুর বাজারে চলে যান নির্মলা সীতারমন। আমজনতার মতো তিনিও নিজের পছন্দ মতো সবজি কেনেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সামনে পেয়ে কথা বলতে এগিয়ে আসেন বাজার করতে আসা আম নাগরিকরাও।

ভারতীয় অর্থমন্ত্রীর এই বাজার সফরের প্রায় মিনিট দেড়েকের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে তার দপ্তর। তারা জানিয়েছে, ‘চেন্নাই সফরের মাঝে মাইলাপুর বাজারে গিয়ে বিক্রেতা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি কিছু সবজিও কিনেছেন।’

ads

অর্থমন্ত্রীর দপ্তর থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাজারে গিয়ে আর পাঁচজন আম নাগরিকের মতোই নিজের হাতে ঝুড়ি থেকে মিষ্টি আলু বেছে নিচ্ছেন নির্মলা। কথা বলছেন দোকানির সঙ্গে। বাজারে উপস্থিত আম জনতার সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় নির্মলা সীতারমণকে। মিষ্টি আলু ছাড়়াও দক্ষিণ ভারতীয় বিশেষ কিছু সবজিও এদিন কেনেন তিনি।

অর্থমন্ত্রীর এই বাজার সফরের ভিডিও নিয়েই তুমুল আলোচলার ঝড় নেটপাড়ায়। মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন অনেকেই। অনেকে আবার এই উদ্যোগের প্রশংসা করেছেন। টুইটারে একজন লিখেছেন, ‘এর আগে কোনো অর্থমন্ত্রী এভাবে দোকানে গিয়ে সবজি কিনেছেন বলে মনে পড়ে না।’

ভারতের মতো একটি দেশের অর্থমন্ত্রী হয়েও নির্মলা মাটির কাছাকাছি রয়েছেন বলেও মন্তব্য করেছেন অনেকে। বাজারে যাওয়ার আগে শনিবার চেন্নাইতে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য একটি স্কুলেরও উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ad

পাঠকের মতামত