রাষ্ট্রসংঘের মঞ্চে মোদির ভূয়সী প্রশংসায় ফরাসি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহেই মোদি–পুতিন এসসিও বৈঠকে সাক্ষাৎ হয়েছিল। মোদি তখন পুতিনকে অনুরোধ করেছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’
সেই প্রসঙ্গ তুলেই মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ম্যাক্রোঁ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি ঠিক কথাই বলেছেন।’ চলতি বছরেই ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছিল রাশিয়া। যা এখনও থামেনি। রুশ প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বহু দেশ। আমেরিকা সহ একাধিক দেশ একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে পুতিনকে কোণঠাসা করতে চেয়েছেন। কিন্তু পুতিন নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন।
পুতিনের এই সিদ্ধান্তে ভারত প্রায় চুপ থাকলেও গত সপ্তাহেই সাক্ষাতে পুতিনকে উদ্দেশ্য করে মোদি বলেন, ‘এটা যুদ্ধের সময় নয়। ফোনেও আপনার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল আমার।’
জবাবে পুতিন বলেছিলেন, ‘ইউক্রেন প্রসঙ্গে আপনাদের চিন্তার কারণ রয়েছে তা বুঝি। আমরাও চাই যুদ্ধ দ্রুত শেষ হোক।’
এই প্রসঙ্গে টেনেই মোদির প্রশংসায় ম্যাক্রোঁ বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক কথাই বলেছেন। এটা যুদ্ধের সময় নয়। পূর্ব পশ্চিমের বিরোধিতা করবে অথবা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, এটা ঠিক নয়। যে চ্যালেঞ্জের মোকাবিলা করছি তার বিরুদ্ধে আমাদের সার্বভৌম ঐক্য বজায় রেখে লড়াই করতে হবে।’ এরপরই ফরাসি প্রেসিডেন্ট জুড়ে দেন, ‘এখনও অনেকেই এই যুদ্ধ পরিস্থিতিতে নিরপেক্ষ রয়েছেন। এটা বড় ভুল।’ সব দেশকে একজোট হয়ে কাজ করার আর্জিও জানিয়েছেন ম্যাক্রোঁ।










