বাকিংহাম এখন ফুলের সমুদ্র
আন্তর্জাতিক ডেস্কঃ দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। চূড়ান্ত বিদায় জানাতে হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। যার যার কাজ দ্রুত শেষ করে শনিবার থেকেই জড়ো হতে শুরু করেছে বাকিংহাম প্যালেসের বাইরের রাস্তায়।
রোববারও যেন কেবল দৌড়াচ্ছেন তারা এদিকেই। শুধু শেষবারের মতো রানিকে দেখার আকুতি তাদের চোখে-মুখে। কারও হাতে রয়েছে রঙিন ফুল, ফুলের ডালা, ভালোবাসা মেশানে চিরকুট।
কেউ এসেছেন শ্রদ্ধাঞ্জলি নিয়ে। চোখে সাত সমুদ্রের নোনাজল। লোকে-লোকারণ্য প্রাসাদের আশপাশের এলাকা। পুরো চত্বর পরিণত হয়েছে ‘এক ফুলের সমুদ্রে’। বিবিসি।
শিশু থেকে বুড়ো-সব বয়সি নাগরিকই এখন বাকিংহামমুখি। অনেকেই এসেছেন, আরও আসছেন। স্থানীয় শপিংমলগুলো খালি। ক্রেতা-বিক্রেতা সবারই দৃষ্টি ও লক্ষ্য নিবদ্ধ বাকিংহাম প্যালেসের দিকে। প্যালেসের চার পাশে গ্রিন পার্কের দিকে বিশাল সারি তৈরি করেছে হাজার হাজার মানুষ। প্রতি মিনিটেই ফুলেফেঁপে বড় হচ্ছে গাঁদা আর গোলাপের স্তূপ। পার্কের কর্মীরা রাজপ্রাসাদের গেটে রাখা শ্রদ্ধাঞ্জলিগুলোকে গ্রিন পার্কে সরিয়ে রাখছেন, আবার গেট ঢেকে যাচ্ছে ফুলে ফুলে। রানি অসুস্থ হওয়ার পর থেকেই উদ্বেগের মধ্যে দিনরাত কাটিয়েছেন তার অনুরক্তরা।
আর তারই বহিঃপ্রকাশ ঘটছে হাজার হাজার ফুল, লিখিত শ্রদ্ধাঞ্জলির চিরকুট, বেলুন, আলিঙ্গন খেলনা, মোমবাতি আর অশ্রুভেজা কার্ডে।
স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন, ‘রানির মর্মান্তিক যাত্রা আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এটা কাজে লাগাতে হবে।’ ব্যালাটার শহরে দেখা গেছে নীরব ও শোকার্ত শত শত লোক রাস্তায় দাঁড়িয়ে আছেন। তাদের অনেকেই পরেছেন কালো পোশাক। কারও পরনে ছিল স্কটিশ কিল্ট।
তৃতীয় চার্লসকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার রাষ্ট্রপ্রধান ঘোষণা : ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে নিজেদের রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। রোববার দেশগুলো রাষ্ট্রীয়ভাবে তৃতীয় চার্লসকে তাদের রাজা হিসাবে ঘোষণা করে। এর আগে শনিবার এই ঘোষণা দিয়েছে কানাডা। রয়টার্স।
অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজার প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হারলি রাজধানী ক্যানবেরার পার্লামেন্ট হাউজে রাজা চার্লসকে দেশটির রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন। ২১ বার তোপধ্বনির মাধ্যমে এ ঘোষণা উদযাপন করা হয়। নিউজিল্যান্ডে রাজা ঘোষণার অনুষ্ঠানটি হয় রাজধানী ওয়েলিংটনের পার্লামেন্টে।
পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, এই অনুষ্ঠানে রানির পুত্র ‘মহামান্য রাজা তৃতীয় চার্লসকে আমাদের সার্বভৌম হিসাবে’ স্বীকৃতি দেওয়া হলো। প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ‘রাজা চার্লস আমাদের জাতির জন্য গভীর মনোযোগ দেখিয়ে আসছেন। আমাদের জনগণ এই সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। এটি আরও গভীর হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’ অটোয়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তৃতীয় চার্লসকে কানাডার রাজা ঘোষণা করা হয়। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কানাডার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। তার সঙ্গে আমরা ঘনিষ্ঠ বন্ধুত্ব উপভোগ করছি। বছরের পর বছর ধরে তিনি বহুবার আমাদের দেশে এসেছেন।’
রানির টি-ব্যাগ বিক্রি হচ্ছে ১২ হাজার ডলারে : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত সেই টি-ব্যাগটির দাম এখন ১২ হাজার ডলার!
’৯০-এর দশকের কোনো এক সময় সেই টি-ব্যাগটি কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন রানি। বিক্রেতা ওই টি-ব্যাগের বিশেষত্ব বর্ণনা করে লিখেছেন, ‘এটি সেই টি-ব্যাগ, যা রানি দ্বিতীয় এলিজাবেথ এটি ব্যবহার করেছিলেন। ’৯০-এর দশকে পোকামাকড় নির্মূলের কাজে নিয়োজিত এক ব্যক্তি উইন্ডসর ক্যাসল থেকে এটি লুকিয়ে বাইরে নিয়ে এসেছিলেন। লন্ডনে তেলাপোকার উপদ্রব মোকাবিলায় মহামান্য রানিকে সহযোগিতা করতে ওই ব্যক্তিকে ডাকা হয়েছিল।’ এখানেই শেষ নয়। ওই টি-ব্যাগ যে রানির ব্যবহৃত এর সত্যতা নিশ্চিত করে ইনস্টিটিউট অব এক্সিলেন্স ইন সার্টিফিকেটস অব অথেনটিসিটি (আইইসিএ) থেকে দেওয়া একটি সনদের ছবিও প্রকাশ করা হয়েছে।









