বিশ্বকাপের স্টেডিয়ামে প্রথমবারের মত টিকিট কেটে খেলা দেখলো সমর্থকরা
স্পোর্টস ডেস্ক: মিশর ও সৌদি আরবের চ্যাম্পিয়ন দুই দলের দ্বৈরথ দেখতে প্রথমবারের মত কাল কাতার বিশ্বকাপ ফাইনালের জন্য ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত লুসাইল আইকনিক স্টেডিয়াম সমর্থকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
বিশ্বকাপ শুরু হতে এখনো ৭১ দিন বাকি রয়েছে। ৮০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে কাল আল হিলাল ও ইজিপ্সিয়ান্স জামালেকের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কাতার বিশ্বকাপ শুরু হবার আগে এটি ছিল আয়োজকদের জন্য অনেকটাই এসিড টেস্ট।
বিশ্বকাপের সর্বশেষ স্টেডিয়াম হিসেবে লুসাইল স্টেডিয়াম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। আয়োজক কমিটির চেয়ারম্যান হাসান আল-থাওয়াডি বলেছেন মুহূর্তটি কাতার ফুটবলের জন্য অবশ্যই স্মরণীয়। ১৩ বছরের যাত্রার ফসল আজকের এই স্টেডিয়াম।
এই স্টেডিয়ামে বিশ্বকাপের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৮ ডিসেম্বরের ফাইনাল। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে আর কোন ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে না।
গতকালকের ম্যাচটির মাধ্যমে স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ঝালাই করে নেয়া হয়েছে। একইসাথে বর্ডার ইমিগ্রেশন পদ্ধতি, মাল্টি-বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ড্রাইভার বিহীন মেট্রো ট্রেন- এসব কিছুই একে একে পরীক্ষা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরের উপর থেকে চাপ কমানোর প্রয়াসে কাতার চলতি সপ্তাহে তাদের পুরনো বিমানবন্দর আবারো খুলে দিয়েছে। এই বিমানবন্দরটি সাধারণত কাতারের রয়্যাল ফ্যামিলি ও ভিআইপিদের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে।
কাল ম্যাচটি উপভোগ করতে হাজারো সৌদি ও মিশরের সমর্থক উপস্থিত হয়েছিলেন। সৌদি সীমান্তে গাড়ি রেখে তাদেরকে কাতারে প্রবেশ করতে হয়েছে। প্রত্যেককেই বিশেষ ফ্যান আইডি কার্ড দেখাতে হয়েছে। বিশ্বকাপের সময় কাতারে প্রবেশ করতে হলেও প্রতিটি সমর্থককে এই বিশেষ কার্ড প্রদর্শন করতে হবে।









