36669

কুয়েতে ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতে ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী চালকের সিটের পেছনে আরবি ও ইংরেজি ভাষায় ট্যাক্সি কোম্পানির তথ্য, চালকের নাম এবং ফোন নম্বর রাখতে হবে। নিয়ম না মানলে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা। প্রবাসীরা বলছেন, এতে হয়রানি কমার পাশাপাশি বাড়বে যাত্রী নিরাপত্তা। খবর গালফ টাইমস।

সম্প্রতি কুয়েতের ট্যাক্সি চালক ও অপারেটর কোম্পানির জন্য নতুন একটি নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক বিভাগ। নতুন ওই নির্দেশনা অনুযায়ী, হাইওয়ে এবং বিমানবন্দর থেকে কোনো যাত্রী নেয়া যাবে না ট্যাক্সিতে। এ ছাড়াও এতে যাত্রী ছাড়া অন্য কোনো পণ্য বা খাবার পরিবহন করা যাবে না। চালকের সিটের পেছনে আরবি ও ইংরেজিতে থাকতে হবে ট্যাক্সি চালকের নাম, ফোন নম্বরসহ যাবতীয় তথ্য।

ads

প্রবাসীরা বলছেন, ট্রাফিক বিভাগের নতুন এই নির্দেশনা যাত্রীদের পাশাপাশি চালকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কমে যাবে যাত্রী হয়রানি।

কুয়েতপ্রবাসী এক বাংলাদেশি চালক বলেন, ‘এ আইন করায় কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ দিচ্ছি।’ আরেক প্রবাসী চালক বলেন, পুরো ঠিকানা সিটের পেছনে টাঙিয়ে রাখতে হবে। যদি এ নিয়ম কেউ না মানে, তবে সমস্যায় পড়তে হতে পারে।

ads

তবে, নতুন নির্দেশনা সম্পর্কে না জানার কারণে বহু ট্যাক্সি চালক আইনি সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। এতে বড় অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে তাদের। কুয়েতে বসবাসরত প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির একটি বড় অংশ বর্তমানে ট্যাক্সি চালক পেশায় নিয়োজিত।

ad

পাঠকের মতামত