কলকাতায় পথ চলা শুরু বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রেসক্লাব
আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতায় পথ চলা শুরু বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রথম ও একমাত্র প্রেসক্লাব ‘ইন্দো-বাংলাদেশ প্রেসক্লাব’। কলকাতার এন্টালি থানার অন্তর্গত সিআইটি পদ্মপুকুরে অবস্থিত অস্থায়ী কার্যালয় থেকে বুধবার (২৪ আগস্ট) শুরু হলো কার্যক্রম।
এই প্রেসক্লাবের সভাপতি হয়েছেন এটিএন নিউজের কিংশুক চক্রবর্তী, সহ-সভাপতি হয়েছেন একাত্তর টেলিভিশনের সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক হয়েছেন চ্যানেল 24 এবং সমকাল পত্রিকার প্রতিনিধি শুভজিৎ পুততুন্ড, কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের দীপক দেবনাথ, আহ্বায়ক হয়েছেন নিউজ 24 এর ভাস্কর সরদার। বোর্ড সদস্য হিসেবে থাকছেন যমুনা টেলিভিশনের সুকান্ত চট্টোপাধ্যায় ও এটিএন নিউজের ধর্মেন্দ্র সিং। আমন্ত্রিত মুখ্য উপদেষ্টা করা হয় এটিএন বাংলার ডিরেক্টর তপন রায়কে।
ভারতের সাংস্কৃতিক পীঠস্থান বলা হয় কলকাতাকে। একসময় দেশটির রাজধানী ছিল এই কলকাতা। কিন্তু কলকাতায় কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের কোনো সংগঠন ছিল না, ছিল না কোনো প্রেসক্লাব। চেষ্টা যে করা হয়নি তা নয়, কিন্তু নানা কারণে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল না। অবশেষে সেই সব গণমাধ্যমের কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ স্বপ্ন সফল। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার বিকেলে ‘ইন্দো-বাংলা প্রেসক্লাব’ নামে এই সংগঠনের শুভ সূচনা হলো। কেক কেটে এই প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি কিংশুক চক্রবর্তীর সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরু হয়। বক্তব্যের শুরুতেই প্রেসক্লাবের সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী এই সংগঠনের প্রয়োজনীয়তা বিস্তারিত ব্যাখ্যা দেন।
এই প্রেসক্লাব কিভাবে গনমাধ্যমের পাশে দাঁড়াবে, কিভাবে সহায়তা করবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন এই প্রেসক্লাবের মুখপাত্র ও বাংলাদেশ প্রতিদিনের কলকাতা প্রতিনিধি দীপক দেবনাথ। এরপর এই অনুষ্ঠানে উপস্থিত অন্য সহকর্মীদের মতামত জানতে চাওয়া হয়। সবাই তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আপাতত কলকাতার এন্টালি থানার অধীন পি-৭৩, সিআইটি রোড, দেব লেন, প্রথম তলা, কলকাতা ১৪ প্রেসক্লাবের অস্থায়ী ঠিকানা থেকে এই প্রেসক্লাবের কার্যক্রম চলবে। যদিও খুব শিগগিরি স্থায়ী ঠিকানা হতে চলেছে।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি অমর সাহা, চ্যানেল 24 এর ভিডিও জার্নালিস্ট বিক্রম লাহা, জাগো নিউজ ২৪ এর প্রতিনিধি জ্যোতির্ময় দত্ত, ইত্তেফাকের প্রতিনিধি তারিক হাসান, প্রথম আলোর চিত্র সাংবাদিক ভাস্কর সরদার, দৈনিক সংবাদ এর প্রতিনিধি দীপক মুখার্জি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী, নিউজ 24 এর ভিডিও জার্নালিস্ট শাকিল আবেদীন প্রমুখ। পরে উৎসাহের সঙ্গে উপস্থিত সব সংবাদ কর্মীই এদিন নিজেদের সদস্যপদ গ্রহণ করেন।
এদিন এই প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা নিয়ে দীপক দেবনাথ জানান, আজকের দিনটি খুবই আনন্দের ও ভালো লাগার দিন। কলকাতায় কর্মরত বাংলাদেশের বিভিন্নতা গণমাধ্যমের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের এই স্বপ্ন বাস্তবায়নের পথে। যদিও এখনো অনেক পথ চলা বাকি। তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেক্ষেত্রে রাষ্ট্রের প্রতি গণমাধ্যমের আলাদা দায়িত্ব থাকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাদের আরও যত্নশীল হতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তার অভিমত, এক্ষেত্রে আমাদের দায়িত্বটা একটু বেশি যেহেতু একদিকে ভারতীয় নাগরিক অন্যদিকে বাংলাদেশের গণমাধ্যমে যুক্ত তাই, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও মজবুত করতে এই প্রেসক্লাবের সদস্যরা প্রচেষ্টা চালিয়ে যাবে।
সত্যজিৎ চক্রবর্তীর অভিমত কলকাতায় কর্মরত বাংলাদেশে গণমাধ্যমের কর্মীদের কোনো সাংগঠনিক অস্তিত্ব ছিল না, সেক্ষেত্রে এই সংগঠনের মধ্য দিয়ে সে অস্তিত্ব পেল। আগামী দিনের সাংবাদিকদের পাশে থেকে যাতে এই সংগঠন তার কাজকর্ম চালাতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হবে। যেহেতু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আমাদের কাজ, সেক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।









