36078

গাজায় ইসরায়েলি হামলা: সৌদি আরবের নিন্দা

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ হামলায় ছয় শিশুসহ অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। ইসরায়েল-ফিলিস্তিন এ উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে দেশটি।

ads

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অনুরোধ করেছে।

ads

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

ফিলিস্তিনি ছিটমহলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত শুক্রবার থেকে গাজার ওপর অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। এতে গতকাল পর্যন্ত অন্তত ২৪ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ছয়জন শিশু। আহত হয়েছে ২০৫ জনেরও বেশি। তারা গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর আগ্রাসী এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান, তুরস্কসহ আরও অনেক দেশ। অবিলম্বে এ হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের এ আহ্বানে কর্ণপাত করার কোনো প্রয়োজনই মনে করেনি। ফিলিস্তিনের ইসলামিক জিহাদও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে। তবে এ হামলায় হতাহতের ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৪০টি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। শক্তিশালী ইসরায়েলি হামলায় স্থানীয় ৬৫০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১১টি বাড়ি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ad

পাঠকের মতামত