চার দিনের দিল্লি সফরে মমতা, বৈঠক হতে পারে মোদির সঙ্গেও
নিউজ ডেস্ক: চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মমতার।
বৃহস্পতিবারই রাজধানী পৌঁছবেন মমতা। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন।
আগামী রবিবার নীতি আয়োগের বৈঠক ডেকেছেন মোদি। মূলত সেই কারণেই মমতার দিল্লি যাওয়া। রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে মমতার।
এদিকে, শনিবারই আবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। তৃণমূল কংগ্রেস ভোটদান থেকে বিরত থাকছে। এনডিএ প্রার্থী হিসেবে লড়ছেন জগদীপ ধনকড়। অন্যদিকে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। নির্বাচনের সময় দিল্লিতেই থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী।
এদিকে, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাই বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই বৈঠক হতে পারে শনিবার। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন মমতা।
সূত্রঃ আজকাল









