35463

উত্তর বারিধারাকে সহজেই হারালো মোহামেডান

স্পোর্টস ডেস্কঃ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম রাউন্ডে উত্তর বারিধারা ক্লাবকে সহজেই হারালো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

লিগের দ্বিতীয় লেগের মাঝামাঝিতে এসে মোহামেডানের কোচের দায়িত্ব নেন সাবেক তারকা ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। তার অধীনে সাদাকালোরা দাপট দেখিয়ে চলেছে। মানিক দায়িত্ব নেওয়ার পর মোহামেডান চার ম্যাচ খেলে দুটিতে জয় এবং একটি করে ম্যাচে ড্র ও হার মেনেছে। সর্বশেষ ম্যাচে শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। বিজয়ী দলের নাইজেরিয়ান মিডফিল্ডার অবি মোনেকে জোড়া গোল করলে অন্যটি করেন মালির ফরোয়ার্ড ও অধিনায়ক সুলায়মানে দিয়াবাতে।

ads

মানিক মোহামেডান কোচের দায়িত্বগ্রহণের পর প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর কাছে ৪-২ গোলে হারলেও পরের ম্যাচেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় সাদাকালোরা। মানিকের তত্বাবধানে তৃতীয় ম্যাচে শিরোপা দৌড়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে থাকা বসুন্ধরা কিংসকে (১-১) রুখে দেয় মোহামেডান। আর কালতো বারিধারাকে উড়িয়েই দিয়েছে মতিঝিলের দলটি। একের পর এক ম্যাচে পয়েন্ট পেয়ে যেমন তালিকার উপরের দিকে উঠে আসছে মোহামেডান তেমনি সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও উপরের দিকে উঠে আসছেন তাদের অধিনায়ক সুলায়মানে দিয়াবাতে। ১৩ গোলের সুবাদে তালিকার তৃতীয়স্থানে এককভাবে উঠে এলেন তিনি। তার সামনে কেবল বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো (১৪) এবং চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংগড (১৮)।

এই জয়ে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এলো মোহামেডান। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উত্তর বারিধারা।

ads
ad

পাঠকের মতামত