রোনালদো কবে অনুশীলনে যোগ দেবেন, জানে না ম্যানইউ!
স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এটাই এখন ইউরোপের ফুটবল বাজারের সবচেয়ে বড় খবর। পর্তুগিজ সুপারস্টার নাকি নিজেই ক্লাবকে বিষয়টি অবগত করেছেন। এমনকি নতুন মৌসুমকে সামনে রেখে দলের অনুশীলন শুরু হলেও তাতে যোগ দেননি রোনালদো। কবে নাগাদ যোগ দেবেন, সেটাও ক্লাব কর্তৃপক্ষ জানে না বলেই খবর।
স্প্য্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ জুলাই) ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অনুশীলন ছিল। তাতে আসেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পারিবারিক কারণ দেখিয়ে তিনি এখন পর্তুগালে আছেন।
কিন্তু ডেইলি মেইল জানাচ্ছে ভিন্ন খবর। ক্লাবের সূত্রের বরাত দিয়ে তারা বলছে, ক্লাব কর্তৃপক্ষ জানে না কবে নাগাদ রোনালদো দলের সঙ্গে যোগ দেবে। নতুন মৌসুমের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর রয়েছে। ৮ জুলাই সফরে যাবে পুরো দল। তবে রোনালদো সেই সফরে যাবেন কিনা, তাও অনিশ্চিত!









