35021

বার্সায় মানের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা ২০০০ সাল থেকে। হরমোনজনিত বামনত্বের শঙ্কায় থাকা মেসির প্রতিভা বাধ্য করেছে তাকে বার্সেলোনায় নিতে। তারপর ২১ বছর এক ক্লাবে কাটিয়ে গত বছর মেসি ছাড়েন বার্সা। অন্যদিকে ২০১৬ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিলেন সেনেগালিজ তারকা। কিন্তু এই জুনে সেই সম্পর্কও রূপ নিয়েছে বিচ্ছেদে। তবে নতুন করে জানা গেল, বার্সেলোনায় মেসি-মানে জুটির যুগলবন্দির সম্ভাবনা এক মৌসুম আগেই।

লিওনেল মেসিকে হয়তো এখনো পিএসজির জার্সিতে মেনে নিতে পারেন না তার সমর্থকরা। মেনে নেওয়াটা আসলেই কঠিন। কাতালান ক্লাবটিতে খেলেই আর্জেন্টিনার এই তারকার আজকের মেসি হয়ে ওঠা। বার্সা-মেসির বিচ্ছেদ এক মৌসুম আগেও অসম্ভব মনে হলেও এখন এটাই বাস্তবতা। পরিস্থিতির কারণে ঠিকানা বদলে তিনি থিতু হয়েছেন প্যারিসে।

ads

অন্যদিকে সাউদাম্পটন থেকে ২০১৬ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির আক্রমণভাগের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন সাদিও মানে। মাঠের খেলা ও ব্যক্তিত্ব দিয়ে অলরেড সমর্থকদের পাশাপাশি গোটা ইংলিশ ফুটবলের সমর্থকদের নয়নের মণিতে পরিণত হন এই সেনেগালিজ। তবে নতুন মৌসুমে আর লিভারপুলের লাল জার্সি গায়ে দেখা যাবে না এই উইঙ্গারকে। প্রায় সাড়ে তিন কোটি পাউন্ডের বিনিময়ে লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন মানে। তবে মাত্র এক মৌসুম আগেই নাকি প্রবল সম্ভাবনা জেগেছিল মেসি-মানের বার্সেলোনার জার্সি গায়ে জুটি বাঁধার।

আরএমসি স্পোর্তকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাদিও মানের এজেন্ট বাকারি সিসে। তিনি জানিয়েছেন, বায়ার্ন নয় বরং এক মৌসুম আগেই সম্ভাবনা জেগেছিল মানের বার্সেলোনায় যাওয়ার। আর এই সম্ভাবনার দ্বার খুলেছিলেন স্বয়ং মেসি। সিসে জানিয়েছেন, এক মৌসুম আগে মেসি বার্সেলোনা কর্তৃপক্ষের কাছে গো ধরেছিলেন এই সেনেগালিজ উইঙ্গারকে অ্যানফিল্ড থেকে ন্যু ক্যাম্পে নিয়ে যাওয়ার।

ads

মেসি লিভারপুল তারকাকে দলে পেতে এতটাই উদগ্রীব ছিলেন যে বার্সেলোনার সঙ্গে তার নতুন চুক্তিই নাকি নির্ভর করছিল ন্যু ক্যাম্পে মানের আসা-না আসার উপরে। সিসে বলেন, ‘গত বছর বার্সেলোনায় যাওয়ার সুযোগ ছিল মানের সামনে। মেসি নিজেই চেয়েছিলেন, বার্সেলোনা যেন মানেকে দলে নিয়ে আসে। বার্সেলোনা যখন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার চেষ্টা করছিল, তখন মেসিই শর্ত হিসেবে জানায়, দলে মানে ও আরেকজন আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার লাগবে। তবেই সে চুক্তিতে সই করবে।’

সেই আর্জেন্টাইন ডিফেন্ডারের নামও বলেছেন সিসে। আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকেই দলে চেয়েছিলেন মেসি। তবে দুজনের কাউকেই আর বার্সেলোনায় নিয়ে আসা হয়নি। গত মৌসুমে রোমেরো য়্যুভেন্তাস থেকে টটেনহ্যামে যোগ দেন। মেসিও থাকেননি ন্যু ক্যাম্পে। দলের আর্থিক সমস্যার বলী হয়ে প্যারিসে পাড়ি দিতে হয়েছে তার।

ad

পাঠকের মতামত