রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে এবার নতুন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মস্কোর বিরুদ্ধে তথ্যকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ডিজিটাল গণতন্ত্র বিষয়ক এক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে আলাপকালে অ্যান্টনি ব্লিনকেন বলেন, তথ্যের গণতান্ত্রিকীকরণের বিষয়টি ইতিবাচক। কিন্তু প্রযুক্তির অপব্যবহার এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মতো বিষয়গুলো প্রত্যাশিত হতে পারে না।
তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারগুলো ভুল তথ্য ছড়িয়ে দেওয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের ক্ষেত্রেও আমরা এমনটা দেখতে পাচ্ছি।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, এর আগে ২০১৪ সালে যখন রাশিয়া ইউক্রেনে প্রবেশ করেছিল তখনও তারা তথ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। গত ৩ জুন এই যুদ্ধ ১০০তম দিন অতিক্রম করেছে। মস্কোর দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তাদের অভিযানের লক্ষ্য, দেশটিকে নাৎসিমুক্ত করা। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযোগকে আক্রমণের মিথ্যা অজুহাত হিসেবে আখ্যায়িত করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। মস্কোর বিরুদ্ধে অভিযোগ, কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। এতে খাদ্যশস্য রফতানি ব্যহত হচ্ছে।









