সৌদি আরব সফরে যাচ্ছেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসে সৌদি আরব সফর করবেন। এক সময় সৌদি আরবকে অপছন্দের একটি রাষ্ট্র হিসেবে অভিহিত করা এ নেতার জন্য এটি একেবারে বিপরীতমুখী অবস্থান। বৃহস্পতিবার (২ জুন) একথা জানানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বাইডেনের দুই অগ্রাধিকার তেল উৎপাদন বৃদ্ধির এবং যুদ্ধ-বিদ্ধস্ত ইয়েমেনে শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে সহায়তা করার বিষয়ে সৌদি আরব সম্মত হওয়ার কয়েকঘণ্টা পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, বাইডেন এ অঞ্চল সফরকালে সৌদি আরব যাত্রা বিরতি করবেন। অনেক দিন ধরেই তার সৌদি আরব সফরে যাওয়ার গুজব শোনা যাচ্ছে।
সিএনএন জানায়, বাইডেন সৌদি যুবরাজ ৩৬ বছর বয়সী যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাথে বৈঠক করবেন। ২০১৮ সালে দেশটির ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে অভিযুক্ত করেছে।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জিয়ান-পিরি সফরের ঘোষণা না দিয়ে তিনি কেবলমাত্র বলেন, ‘প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগের অপেক্ষায় রয়েছেন।’









