হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসসচিব কারিন জিন-পিয়ের
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসে প্রেস সচিব হিসেবে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন কারিন জিন-পিয়ের।
বিবিসি জানায়, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ৪৪ বছর বয়সী পিয়েররে তার প্রশাসনের মুখ উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
চলতি মাসের ১৩ মে বর্তমান প্রেস সচিব জেন সাকির স্থলাভিষিক্ত হবেন কারিন।
অন্যদিকে, জেন সাকি এমএসএনবিসি সংবাদমাধ্যমে চাকরি নিচ্ছেন। এর আগে জিন-পিয়ের এ সংবাদমাধ্যমের সংবাদ বিশ্লেষক ছিলেন। বাইডেন প্রশাসনে যোগ দেওয়ার আগে ২০০৮ এবং ২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন তিনি। পাশাপাশি বাইডেনের নির্বাচনের সময়ও প্রচারাভিযানে কাজ করেছিলেন।
প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি ছাড়াও জিন-পিয়ের আরও একটি ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে যাওয়া প্রকাশ্যে সমকামী আন্দোলনের সঙ্গে জড়িত প্রথম নারীও হতে যাচ্ছেন জিন-পিয়ের।
এক বিবৃতিতে জো বাইডেন জিন-পিয়েরের ‘অভিজ্ঞতা, প্রতিভা এবং সততার’ প্রশংসা করে বলেছেন, জিন-পিয়েরের নিয়োগের ঘোষণা দিয়ে তিনি ‘গর্বিত’।
ক্যারিবিয়ান অঞ্চলের মার্টিনিক দ্বীপে তার জন্ম। তিনি নিউ ইয়র্কের কুইন্সে বড় হয়েছেন। তার মা-বাবা হাইতির নাগরিক। সেখানে তার বাবা ট্যাক্সি চালাতেন এবং তার মা একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ পদে অধিষ্ঠিত ব্যক্তি পুরো বিশ্বের কাছে মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের মুখপাত্র।











