ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে কিটনাশক স্প্রে করে ধানের জমি নষ্ট করার অভিযোগ
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রোপণ করা বোরো ধান ক্ষেতে ক্ষতিকারক কিটনাশক স্প্রে করে ৬৪ শতক জমির ধান গাছ নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
ভুক্তভোগী আব্দুল খায়ের মুন্সীর ছেলে তাজুল ইসলাম জানিয়েছেন, এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। ধান ক্ষেত নষ্ট করার ঘটনায় অভিযুক্তরা হলেন- উপজেলার মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত আলী আহাম্মদ কেশুর ছেলে শাহ আলম ও আলতাফ আলীর ছেলে ইদ্রিস মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের
চারিপাড়া গ্রামের আবুল খায়ের মুন্সীর ছেলে ভুক্তভোগী তাজুল ইসলাম তার ৬৪ শতক জমিতে হাইব্রীড বোরো ধান রোপন করেছিলেন। কিন্তু তারই প্রতিবেশী মৃত আলী আহাম্মদ কেশুর ছেলে শাহ আলম ও আলতাফ আলীর ছেলে ইদ্রিস মিয়া পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার রাতের আধারে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে। এতে ধান গাছগুলো বিবর্ণ হয়ে মরে গেছে। তার ধান হলুদ হয়ে নুয়ে পড়ে গেছে। ভুক্তভোগী তাজুল ইসলাম বলেন, শাহ আলম ও ইদ্রিস মিয়াদের সাথে গত কিছুদিন পূর্বে থেকে বিভিন্ন জমিজমা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
এরই সূত্র ধরে গত বুধবার রাতের আধারে আমার ৬৪ শতক জমির ধান ক্ষেতে ঘাস মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।











