কুমিল্লায় এ্যাম্বুলেন্সের ভিতর বিপুল পরিমান মাদক, আটক ৩
নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার (২৪ এপ্রিল) কুমিল্লা জেলার বুড়িচং থানার শংকচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার বি-পাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল (২২) এবং গাইবান্ধা জেলার বুজরুক জামাল পুর থানার সাদুল্য গ্রামের মোঃ তাহাদুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হুদা লিয়ন(২৬)।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











