অন্তর্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত মাহিন্দ রাজাপাকসে
আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র অসন্তোষ, গণবিস্ফোরণ সত্ত্বেও পদত্যাগে অনড় অবস্থানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। তার ভাই প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে সহ রাজাপাকসে পরিবারের কবল থেকে শ্রীলঙ্কাকে রক্ষা করার দাবিতে বিক্ষোভ করছেন দেশটির সব শ্রেণির মানুষ। তারা এই পরিবারটির সব সদস্যকে সরকার থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। এর জবাবে মাহিন্দ রাজাপাকসে বলেছেন, তাকে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে বলাটা যথার্থ নয়। তবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত বলে নিজেই জানিয়েছেন। বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের জন্য কেউ আমাকে পদত্যাগ করতে বললে তা হবে অন্যায়।
তিনি শ্রীলঙ্কার ডেইলি মিররকে এসব কথা বলেন। তবে জানিয়ে দেন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হতে প্রস্তুত।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী ডালাস আলাহাপ্পেরুমা অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী সহ মন্ত্রীপরিষদের সবাইকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ওই অন্তর্বর্তী সরকার গঠন হবে সব দলকে নিয়ে এক বছরের জন্য। তারাই দেশের বর্তমান সঙ্কট মোকাবিলা করবেন। তার এ প্রস্তাবের জবাবে মাহিন্দ রাজাপাকসে ওই মন্তব্য করেন।











