পবিত্র কোরআন সম্পূর্ণ জীবন ব্যবস্থা: আইজিপি
নিউজ ডেস্কঃ পবিত্র কোরআনকে ‘একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করে পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, ভালো মুসলমানের জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি। আজ শুক্রবার পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় জামে মসজিদের এই অনুষ্ঠানে আইজিপি বলেন, যে যে ধর্মের হোক, ঠিকভাবে ধর্ম পালন করলে নৈতিক মনোবল সুদৃঢ় হয়। সব ধর্মে ভালো কাজের উপদেশ আর অন্যায় কাজে নিষেধ করা হয়েছে।

পুলিশের প্রত্যেক সদস্যকে নিজ ধর্মের বিধানাবলী মেনে চলার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, বিশেষ করে মুসলমানরা তাদের কোরআনের বিধান এবং হাদিসের পরামর্শগুলো প্রাত্যহিক জীবনে পালন করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা পুলিশ সদস্যরা অনুষ্ঠানে আজান এবং কোরআন তেলাওয়াত করে শোনান।











