এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র-প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন। স্থানীয় সময় রোববার (২৪ এপ্রিল) মার্কিন এ সর্বোচ্চ কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করবেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পরই সেখানে এটাই তাদের প্রথম সফর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, দক্ষিণ ও পূর্বাঞ্চলে এখনো ভয়াবহ যুদ্ধ চলছে।
সফরকালে ইউক্রেনের কী ধরনের অস্ত্রের প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন ও অস্টিন। জেলেনস্কি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলেনস্কি এক বিবৃতিতে জানান, আমাদের কাছে অস্ত্রের যথেষ্ট সরবরাহ রয়েছে। সাময়িকভাবে দখলকৃত অঞ্চলগুলো খুব শিগগিরই উদ্ধার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যদিও হোয়াইট হাউজ ব্লিঙ্কেন ও অস্টিনের এ সফরের বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি।
এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এর আগে মস্কো সফর করবেন তিনি। তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে বেজায় চটেছেন জেলেনস্কি। ক্রেমলিনের তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রথমে রাশিয়া সফরের সিদ্ধান্তটি ভুল। রাজধানী কিয়েভে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, এ আদেশের মধ্যে কোনো ন্যায়বিচার ও যৌক্তিকতা নেই।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সরব ভূমিকা পালন করছে জাতিসংঘ। যুদ্ধ থামাতে দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসতে অ্যান্তনিও গুতেরেস চলতি সপ্তাহে একটি চিঠি পাঠিয়েছিলেন।











