পাঁচ মাস পর জনসমক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথ
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় পাঁচ মাস পর জনসমক্ষে দেখা গেল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে। মঙ্গলবার প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের স্মরণে এক অনুষ্ঠানে সপরিবারে অংশ নিতে দেখা যায় তাকে। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর আর জনসমক্ষে দেখা যায়নি ৯৫ বছর বয়সী রানিকে। গত বছরের এপ্রিলে মারা যান প্রিন্স ফিলিপ।
মঙ্গলবার (২৯ মার্চ) ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় ‘ডিউক অব এডিনবরা’ প্রিন্স ফিলিপ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়ামসহ রাজপরিবারের অন্য সদস্যরা। এ ছাড়াও এতে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ পাঁচ শতাধিক মানুষ। এ সময় লাঠিতে ভর দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে গির্জায় প্রবেশ করতে দেখা যায়।

চলতি বছর রানির বড় ছেলে প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে এলে রানি নিজেও সংক্রমিত হন। যদিও রাজপ্রাসাদে বসেই প্রশাসনিক দায়িত্ব পালন করে যান তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, সাত দশকের বেশি সময় ধরে স্ত্রী রানি এলিজাবেথের সহচর হিসেবে রাজপরিবারের জন্য কাজ করে গেছেন প্রিন্স ফিলিপ। গত বছর প্রিন্স ফিলিপের শেষকৃতানুষ্ঠানে মাত্র ৩০ জন উপস্থিত ছিলেন। কিন্তু গতকাল লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আয়োজিত অনুষ্ঠানটি ছিল বড়।
প্রধানমন্ত্রী বরিস জনসনসহ রাজনীতিক, সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের ৫০০-র বেশি প্রতিনিধি যোগ দেন অনুষ্ঠানে। ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রুও যোগ দেন। তবে অনুষ্ঠানে ছিলেন না রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো প্রিন্স হ্যারি ও তার স্ত্রী।











