কুমিল্লায় ৩৮৪ বোতল বিদেশী মদসহ আটক ২; প্রাইভেট কার জব্দ
নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেট কারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩৮৪ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিন হাট চান্দিনা গ্রামের দুলাল মিয়ার এর ছেলে মোঃ সাহিদ মিয়া (২৫), এবং নরসিংদী জেলার মনোহরদী থানার সৈয়দেরগাঁও গ্রামের মোঃ ফজল আমিন এর ছেলে মোঃ সেলিম হোসেন(৩২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











