দ্বিতীয় মেয়াদের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ শুক্রবারের চূড়ান্ত সময়সীমার ঠিক এক দিন আগে বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন।
ইতোমধ্যেই ম্যাক্রোঁ জাতীয় মতামত জরিপে এগিয়ে রয়েছেন, যদি তিনি ১০ এপ্রিল ও ২৪ এপ্রিলের দুই পর্বের নির্বাচনে জয়ী হন, তবে তিনিই হবেন ২০ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হিসাবে জয়যুক্ত হবেন।
ম্যাক্রোঁ বলেন, যা কিছু আমাদের অর্জন করার কথা, এখনো আমরা তা অর্জন করিনি। যেসব অভিজ্ঞতা আমি আপনাদের কাছ থেকে অর্জন করেছি, সম্ভবত তাই দিয়ে আমি ভিন্নতর কিছু অবদান রাখবো।
দ্য এসোসিয়েটেড প্রেস জানায়, ম্যাক্রোঁ জরিপে ৪০ শতাংশ লোকের সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। ৫ বছর মেয়াদ শেষে তার পূর্বসূরি দুই প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া হল্যান্ডে ও নিকোলাস সার্কোজি’র চাইতে তার সমর্থনের হার বেশি।
ফ্রান্সের নির্বাচনী ব্যবস্থায় প্রার্থীদের নির্বাচিত কর্মকর্তাদের কাছ থেকে ৫০০টি অনুমোদন পেতে হয়। প্রেসিডেন্ট ম্যাক্রোঁই প্রথম, যিনি সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছেন আনুষ্ঠানিক প্ৰাৰ্থীতা ঘোষণার আগেই। প্রেসিডেন্ট পদের জন্য প্রতিযোগিতায় দাঁড়াতে লোকজনের সংখ্যা সীমিত রাখতে এই নিয়ম চালু করা হয়েছে।
৪৪ বছর বয়সী ম্যাক্রোঁ স্বীকার করেন যে ইউক্রেনে রুশ অভিযান এবং কূটনৈতিক আলোচনায় তার বিশিষ্ট ভূমিকা রাখার জন্য অনিবার্যভাবে তার প্রচারণী পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।











