রুশ হামলাকে ‘হলোকাস্ট’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘হলোকাস্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
বিদ্যমান সংঘাত বন্ধে একটি চুক্তির ওপর জোর দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনাকে একটি চুক্তি করতে হবে। তারা লোকজনকে হত্যা করছে এবং এখনই এটি বন্ধ করতে হবে।’
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নেই বলেও উল্লেখ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেনে রুশ আগ্রাসন সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি হলোকাস্ট। যা ঘটছে সেটি ভয়ঙ্কর। আপনারা প্রত্যক্ষ করছেন, প্রতি রাতে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন।’
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পরই ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউজে তার প্রশাসন থাকলে এমন ঘটনা ঘটতে পারতো না।
ট্রাম্প বলেন, তার বিশ্বাস রুশ আগ্রাসন আংশিকভাবে ত্বরান্বিত হয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দুর্বলতায়।
ইউক্রেনের ঘটনায় শেষ পর্যন্ত পুতিন যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখে ফেলেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।









