বাংলাদেশ-সৌদি আরব ১ম যৌথ পিপিপি প্ল্যাটফর্ম মিটিং অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ সৌদি আরব বাংলাদেশে পিপিপি ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। সৌদি আরবের সাথে যৌথভাবে বাংলাদেশে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য সম্প্রতি “১ম বাংলাদেশ-সৌদি আরব যৌথ পিপিপি প্ল্যাটফর্ম মিটিং” শীর্ষক একটি ভার্চুয়াল সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)।
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এবং বেসরকারি বিনিয়োগকারীদের পছন্দ অনুযায়ী অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের উপযোগী সম্ভাব্য প্রকল্পগুলি নিয়ে আলোচনা এবং প্রকল্প বাছাই করার জন্য এ মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। সভাপতিত্ব করেন সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ।
এছাড়াও দুই দেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পিপিপিএর কর্মকর্তারা ভার্চুয়াল আলোচনায় অংশ নেন।









