ইউক্রেনে আরও ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আরও ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এটি তৃতীয়বারের মতো অর্থ সহায়তা।
শুক্রবার সিএনএনের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে প্রেসিডেন্ট বাইডেন তাৎক্ষণিকভাবে এ অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভকে দুই ধাপে ৬০ মিলিয়ন ডলার এবং ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে।
এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৪০ মিনিট টেলিফোনে কথা বলেছেন। এই ফোনালাপে দুই দেশের প্রেসিডেন্ট প্রতিরক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি সহায়তা চেয়ে আহাকার করছেন। তিনি বলেন, মিত্রদেশগুলোর কাছ থেকে তিনি যে মাত্রায় সহায়তা প্রত্যাশা করেছিলেন, কিন্তু তেমনটি পাচ্ছেন না।
রাশিয়াকে মোকাবেলায় ন্যাটো জোট ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। কারণ হিসেবে পশ্চিমা সামরিক জোটটি বলছে, ইউক্রেন ‘ন্যাটো জোটের সদস্য না’।
রাশিয়া-ইউক্রেন সংকট শুরু মূলত ন্যাটোকে ঘিরে। ন্যাটোতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন। এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।









