31024

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ-সিঙ্গাপুরের রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুদেশের রাষ্ট্রপতি পরস্পর শুভেচ্ছা বিনিময় করেছেন। ১৯৭২ সালের ১৬ ফেব্রুয়ারি দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। স্বাধীনতা লাভের পরপরই যে দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ads

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকুব পরস্পর শুভেচ্ছাবার্তা বিনিময় করেছেন।

প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ এবং প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুব তাদের বার্তায় দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে বিরাজমান সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। উভয় নেতা পরবর্তী ৫০ বছর ও দূর ভবিষ্যতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে দৃঢ় আস্থা ব্যক্ত করেন।

ads

প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবকে পাঠানো বার্তায় বাংলাদেশের জনগণ এবং তার নিজের পক্ষ হতে দুদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘আমাদের দুই জাতি অনেক ভাগ্যবান। কারণ, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং লি কুয়ান ইউ-এর মতো দূরদর্শী নেতা পেয়েছি। তাদের আদর্শ ও স্বপ্নে অনুপ্রাণিত হয়ে আমাদের দুই দেশ আঞ্চলিক ও বিশ্বশান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির লক্ষ্যে সহযোগীর ভূমিকা পালন করে আসছে।’

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকুব বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো বার্তায় সিঙ্গাপুরের জনগণের পক্ষে বাংলাদেশের জনগণকে দুদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালে সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সেই থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থবহ ও পারস্পরিক কল্যাণে ক্রমশই জোরদার হচ্ছে।’

হালিমাহ ইয়াকুব বলেন, ‘কোভিড-১৯ মহামারি সত্ত্বেও সিঙ্গাপুর ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী।’

সিঙ্গাপুরের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানেরও প্রশংসা করেন দেশটির রাষ্ট্রপতি। আগামী বছরগুলোতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকুব দৃঢ় আস্থা ব্যক্ত করেন।

ad

পাঠকের মতামত