শান্তিরক্ষী প্রেরণকারী হিসেবে বিশ্বে ১ নম্বরে বাংলাদেশ: সেনাপ্রধান
নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে অবস্থান করছে। এক নম্বরে থাকাতে বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের পারফরম্যান্স করছে।
রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘির পাড়ে চার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের প্রতিরক্ষামন্ত্রী। তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা করা দরকার সবকিছু করছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে হবে। প্রশিক্ষণে আমাদের আরও মনোযোগী হতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর সক্ষমতা অর্জনে যা যা করা প্রয়োজন তা আমরা বৃদ্ধি করছি। এটা আমরা করে যাবো। এটি চলমান প্রক্রিয়া।
এর আগে স্থানীয় অসহায় মানুষদের জন্য কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স থেকে পরিচালিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কার্যক্রমের খোঁজখবর নেন সেনাপ্রধান। সেনাবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দুপুরে শাহবাজপুর গ্রামে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মেডিক্যাল ক্যাম্প থেকে স্থানীয় গ্রামবাসীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীর ফিল্ড অ্যাম্বুলেন্স টিমের চিকিৎসক লে. কর্নেল জেসমিন বলেন, শীতকালীন গ্রামের বয়স্ক মানুষ নানা রোগে ভুগছেন। তাদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এসে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন। এ সময় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











