ডেসমন্ড টুটুর মৃত্যুতে যা বললেন ওবামা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আর্কবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার বিবিসি এ খবর জানায়।
ওবামা টুটুকে ‘একজন পরামর্শদাতা, বন্ধু ও নৈতিক মানদণ্ড’ বলে উল্লেখ করেছেন।
আর্কবিশপ ডেসমন্ড টুটু ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা বলেন, ডেসমন্ড টুটু ছিলেন একজন ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্ণবৈষম্য প্রথা বিলুপ্ত করতে যে সংগ্রামে করেছেন টুটু, তার জন্য তাকে ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
স্বাধীন দক্ষিণ আফ্রিকার পেছনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট রামফোসা।
বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে কাজ করেছেন টুটু।
১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকার কর্তৃক জাতিগত বিচ্ছিন্নতা ও বৈষম্যের নীতির অবসানের আন্দোলনে অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি।











