কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ আটক ৫
ডেস্ক রিপোর্টঃ র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকার করে মাদক পরিবহনের সময় ৫৩ কেজি গাঁজসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মধ্যম কান্দি গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে মোঃ বাবুল মুন্সি(৬৩)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
পৃথক আরেকটি টহল পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার দেবিদ্ধর থানার বেতুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহিন মিয়া(৩০) এবং একই জেলার চান্দিনা থানার দুতলা গ্রামের মৃত মতিন লাল সরকারের ছেলে শ্যামল চন্দ্র সরকার(৪০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি টহল পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার আরেকটি আভিযানিক শুক্রবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৩২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার মুরাদ নগর থানার নহল গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৬) এবং একই জেলার কোতয়ালী থানার শুভপুরা গ্রামের মৃত রুশমত আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৬)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল এবং বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









