নবাব ফয়জুন্নেছার বাড়ী পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। নবাব বাড়ীর উত্তোসূরীদের আমন্ত্রণে ২৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে নবাব বাড়ি পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত।
কুমিল্লা জেলার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁওয়ে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত ভারত উপমহাদেশের একমাত্র মহিলা নবাব, নারী শিক্ষার অগ্রদূত ময়হিসী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়িটি পরিদর্শনে আসলে বাড়ির মূল ফটকে রাষ্ট্রদূতকে বরণ করেন স্থানীয় প্রশাসন, নবাব পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।মার্কিন রাষ্ট্রদ্রুত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর কর্মকাণ্ডের নিদর্শন, বিভিন্ন স্থাপত্যশৈলী, নবাব বাড়ি, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় ঘুরে দেখেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম এবং নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল এ সময় সংক্ষিপ্তভাবে মার্কিন রাষ্ট্রদূতের নিকট নবাব ফয়জুন্নেছার চৌধুরাণীর ইতিহাস ঐতিহ্য এবং সামাজিক ও শিক্ষাক্ষেত্রের নানা অবদান সম্পর্কে ইতিবৃত্ত তুলে ধরেন।
নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী এস্টেটের মোতাওয়াল্লি ও তাঁর প্রপৌত্র সৈয়দ মাসুদুল হক চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, মার্কিন রাষ্ট্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর বাড়িটি পরিদর্শনকালে এই মহিয়সী নারীর সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন অবদান সম্পর্কে অবহিত হয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ এবং ভূয়শী প্রশংসা করেন।
এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনূস ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম, পৌরসভা মেয়র মো. আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী এস্টেটের মোতাওয়াল্লি ও তাঁর প্রপৌত্র সৈয়দ মাসুদুল হক চৌধুরী, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর বংশধর মো. ফজলে রহমান আয়াজ চৌধুরী এবং ওই ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু ছায়েদ বাচ্ছু প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম বলেন, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী আমাদের গর্ব। তাঁর ইতিহাস ঐতিহ্য এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে এই মহিয়সী নারীর অবদান সম্পর্কে জেনে এ প্রথম বাংলাদেশে নিযুক্ত কোনো মার্কিন রাষ্ট্রদূত স্বপ্রণোদিত হয়ে লাকসাম এসেছেন। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে মার্কিন এই কুটনৈতিকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর বংশধর মো. ফজলে রহমান আয়াজ চৌধুরী জানান, মার্কিন রাষ্ট্রদূত এখানে পরিদর্শনে এসে অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ঐতিহ্য রক্ষায় কোনো রকম সহায়তা করা যায় কি না সে ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত সচিবকে বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে তাগিদ দেন।









