দেবিদ্বারে নবজাতক শিশু উদ্ধার, চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি
দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬ নম্বর মোহপুর ইউনিয়ন এর ভৈষরকোট এলাকায় পরিত্যক্ত জমি থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে ছেলে শিশুটিকে নিতে আগ্রহীরা থানায় ভিড় করছেন। শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ভৈষরকোট ভূঁইয়া বাড়ির পাশের নির্জন পরিত্যক্ত জমিতে সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী ওই নবজাতক ছেলে শিশুকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক শামসু ও কনস্টেবল মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ওই নবজাতক ছেলে শিশুটির চিকিৎসা দায়িত্ব নেন ওসি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, অনেক সময় ধরে পরিত্যক্ত জমিতে পড়ে থাকার কারণে শিশুটিকে পোকামাকড় কামড়িয়ে জখম করে ফেলেছে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে সক্ষম হয়েছি। শিশুটির পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহাম্মেদ কবীর জানান, দেবিদ্বার থানা পুলিশ এক নবজাতক ছেলে শিশুকে আমাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার শরীরে পোকা-মাকড়ের কামড়ে ক্ষত সৃষ্টি হয়েছে। নবজাতক শিশুটি সুস্থ আছে।










