26549

দেশের মানুষের টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না: মেয়র রেজাউল

নিউজ ডেস্ক: কোভিড-১৯ টিকা নিতে মানুষের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে, তাকে সন্তোষজনক বলেছেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) টাইগারপাসের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে কোভিড-১৯ অভিঘাতে জীবিকার সংকটে পড়া ৫০ বধির ও ১২০ নরসুন্দর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

ads

মেয়র রেজাউল বলেন, “গণটিকা কার্যক্রমে টিকা গ্রহণে সকল শ্রেণী পেশার মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে তা সন্তোষজনক। বৈশ্বিক উদ্যোগে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ প্রায় ৬ কোটি টিকা পেতে যাচ্ছে। আশা করি, সেক্ষেত্রে দেশের মানুষের জন্য টিকা প্রাপ্তিতে কোনো প্রকার সমস্যা হবে না।”

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, গণ পরিবহনে চলাচলের ক্ষেত্রে নিরাপদ দূরত্ব মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান মেয়র।

ads

মেয়র রেজাউল বলেন, “দীর্ঘ মেয়াদে লকডাউন অব্যাহত রাখা আমাদের দেশে সম্ভব নয়। বিশাল জনগোষ্ঠীর এই দেশে কোভিডে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সেই বিবেচনায় সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের ক্ষতিগ্রস্থদের সাহায্য সহায়তায় এগিয়ে আসা আজ সময়ের দাবি।”

এসময় উপস্থিত ছিলেন সিসিসির স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সচিব খালেদ মাহমুদ, সেলুন মালিক সমিতির সভাপতি ভূপতি শীল, সাধারণ সম্পাদক মিলন শীল, রবিউল ইসলাম, উৎপল শীল, চন্দন শীল, বধির সংস্থার নেতা মনির হোসেন, আবু তাহের, মো. পারভেজ প্রমুখ।

ad

পাঠকের মতামত