যাত্রাবাড়ীর ৫০০ অসহায় পরিবার পেল যুবলীগের খাদ্যসামগ্রী
নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুবলীগ। বুধবার (১১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত-বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ীতে (দনিয়া কলেজ মাঠ) সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ আয়োজন করে।
এ সময় ৫০০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেয় যুবলীগ। খাদ্যসামগ্রী বিতরণকালে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা সংকটে বিএনপি কোথাও একমুঠো চাল দেয়নি। একজন মানুষেরও পাশে দাঁড়ায়নি। শুধু সরকারের সমালোচনায় নিয়োজিত, এটা তাদের স্বভাবজাত চরিত্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। করোনার এই মহাসঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ মানুষের সেবা করে যাচ্ছে। সারাদেশে অসহায় মানুষকে খাদ্য সহায়তা, দাফন ও সৎকার, অক্সিজেন সেবা, টেলি-মেডিসিন সেবা, চিকিৎসা পরামর্শ ও সুরক্ষা-সামগ্রী বিতরণ করছে যুবলীগ।
তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের ৬২ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সর্বদা মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।










