কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শাহরিয়ার আলমের বৈঠক
ডেস্ক নিউজ: বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দেয়া সুবিধার কথা তুলে ধরেন তিনি।
রোববার (৮ আগস্ট) কাতারের রাজধানী দোহায় সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে বৈঠককালে এ বিষয়ে গুরুত্বারোপ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের চেম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।
কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন সাদ আল মুরাইখির। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ নানা পর্যায়ে নিয়োগের বিষয়েও আলোচনা হয়।
শাহরিয়ার আলম করোনা মোকাবিলায় কাতার সরকারের সফলতাসহ শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় কাতার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। তিনি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে কাতারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এছাড়া সেপ্টেম্বরে দোহায় দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শাহরিয়ার আলম।
বৈঠকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন এবং মহাপরিচালক এফএম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।











