কয়েক ধাপে শিথিল হবে বিধিনিষেধ, সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ কতটুকু শিথিল করা হবে আজ বা কালকের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে কতটুকু শিথিল হবে তার সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। এরপরই প্রজ্ঞাপন জারি হবে।
রবিবার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আজ বা সোমবার প্রজ্ঞাপন দেওয়া হবে। আমাদের পরামর্শ ধাপে ধাপে শিথিল করা। কোনটি কখন খোলা হবে, কতটুকু পরিসরে খোলা হবে- সেটা বিবেচনা করে দেখতে হবে। কেননা, সংক্রমণ কমলেও মৃত্যু এখনও কমেনি।
গণটিকায় যাদের অগ্রাধিকার
গণটিকা কার্যক্রমে প্রতি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল (শনিবার) থেকে গণটিকা চালু করেছি, এটি ১২ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। যারা সবজি ব্যবসায়ী, রিকশাচালক; যাদের বাইরে আসতে হয়, বিভিন্ন কারণে যেসব মানুষের সংস্পর্শে আসতে হয় তাদের বেছে নেওয়া হয়েছে। সেখানে বয়স্ক ও মুক্তিযোদ্ধাও আছেন। ইমাম-মুয়াজ্জিন, চালক-সহকারীদের অগ্রাধিকার দিয়েছি। আমাদের জীবিকাও নিশ্চিত করতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিতে পারেন।
নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিধিনিষেধ শিথিল
প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। তবে কঠোরভাবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন হয় সেদিকে নজর থাকবে।










