করোনায় মারা গেলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান এএসপি হাবিব
নিউজ ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে তার জন্ম।
আহসান হাবীবের মৃত্যুর পর ঢাকা রেঞ্জের ডিআইজির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন।
আহসান হাবীব ৩৩তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি রাঙ্গামাটি জেলার এপিবিএন এ কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি চাঁদপুর জেলার মতলব সার্কেলে কর্মরত ছিলেন।
ঢাকা রেঞ্জের ডিআইজির ফেসবুক পেইজে জানানো হয়, সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করেছেন তিনি। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম গ্রামে তার জন্ম। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আহসান হাবীবের মৃত্যুর পর সিলেট জেলা পুলিশ সুপার কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ফরিদ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন।
ওপারে ভালো থেকো প্রিয় আহসান হাবিব। মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। চৌদ্দগ্রামের মানুষ তোমাকে খুব মিস করবে।










