24955

বিএসএমএমইউয়ে তৈরি হচ্ছে করোনার হাজার শয্যার ফিল্ড হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হচ্ছে হাজার শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল।

শনিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

ads

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংশ্লিষ্ট সকল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সুন্দর অবকাঠামো রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফলে এখানে ফিল্ড হাসপাতালে ৪ শ’ আইসিইউ এবং ৪ শ’ এইচডিইউসহ এক হাজার থেকে ১২ শ’ শয্যার হাসপাতাল চালু করা সম্ভব হবে।

ads

তিনি বলেন, গত ১০ দিনে কমপক্ষে ৯০ হাজার করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সম্প্রতি রোগী বেড়েছে ৮ গুণ। শতকরা ৮০ ভাগ শয্যায় রোগী ভর্তি রয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে।

মন্ত্রী বলেন, হাসপাতালগুলো করোনাভাইরাসে আক্রান্ত রোগী তৈরি করে না। যেখান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে যেমন অলিগলি, চায়ের দোকান, বাজার- সেখানেই নজর দিতে হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। এই ভাইরাস থেকে মুক্তির উপায় হলো একে নিয়ন্ত্রণ করা।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা, চীনের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান সিনোফার্মের ৫০ লাখ ডোজ সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োএনটেকের ৬০ লাখ ডোজ টিকাসহ বিভিন্ন উৎস থেকে প্রায় পৌনে ২ কোটি টিকা আগামী এক-দুই মাসের মধ্যেই পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ জানান, করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি রয়েছে। সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতাল চালু করা হবে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মুহাম্মদ রফিকুল আলম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা: এ কে এম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা: ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা: মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা: মোহাম্মদ হোসেন মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা: দেবব্রত বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

ad

পাঠকের মতামত