24147

ভবিষ্যতের সিদ্ধান্ত আফগানদেরই নিতে হবে : জো বাইডেন

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল শুক্রবার আফগানিস্তানের সফররত প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে বলেছেন, ‘ভবিষ্যতের সিদ্ধান্ত আফগানদের নিজেদের নিতে হবে।’

দক্ষিণ-মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহার অব্যাহত রাখার মধ্যেই হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন বাইডেন-গনি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ads

বৈঠকে বাইডেন জোর দিয়ে বলেন, সেনা প্রত্যাহার করা হলেও ওয়াশিংটনের সহযোগিতা এখানেই শেষ হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বাইরে থেকে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহায়তা প্রদান করে যাবে এবং পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তাও অব্যাহত রাখবে।

জো বাইডেন আশরাফ গনিকে বলেন, ‘আমরা আপনার সঙ্গেই আছি। এটি মূল্যবোধের বিষয়।’ এ সময় আশরাফ গনি আফগানিস্তানকে রক্ষা করতে দুই দশক ধরে যুক্তরাষ্ট্র যে রক্ত ও সম্পদ দিয়েছে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ads

আফগানিস্তান এখন তালেবানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে মুখোমুখি। আশরাফ গনি এই মুহূর্তে তাঁর অবস্থানকে ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সময়ের সঙ্গে তুলনা করেন, যখন উত্তর ও বিদ্রোহী দক্ষিণের মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি মূল্যবোধের বিষয়। একটি ব্যতিক্রমী ব্যবস্থা বা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মূল্যবোধ। আমরা ঐক্য, সংহতি ও ত্যাগের বোধের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমরা কিছুতেই ছাড় দেব না।’ গনি জানান, শুক্রবার তাঁর সরকারের বাহিনী ‘দক্ষিণ ও উত্তরে ছয়টি জেলা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।’

‘আমরা সব প্রতিকূলতা কাটিয়ে উঠব। যদিও এই মতবিরোধগুলো দীর্ঘ হতে পারে’, যোগ করেন আশরাফ গনি।

এদিন দিনের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে পেন্টাগনে বৈঠক করেন আশরাফ গনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সেনা প্রত্যাহারের ছয় মাসের মধ্যে তাঁর সরকারের পতন হতে পারে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশরাফ গনি হেসে বলেন, ‘এ ধরনের অনেক ভবিষ্যদ্বাণী ছিল এবং সেগুলো মিথ্যা প্রমাণ হয়েছে।’

ad

পাঠকের মতামত