আওয়ামী লীগ ছিলো, আছে ভবিষ্যতেও থাকবে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। শুরু থেকে আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিলো এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ।
বুধবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বড়ুয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।










