কুমিল্লায় করোনায় মৃত নারীর দাফনে গ্রামবাসীর বাধা, অবশেষে দাফন করল “বিবেক”
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় করোনায় মারা যাওয়া (অসহায় ও দরিদ্র পরিবারের) নারীর মরদেহ কবরস্থানে দাফনে বাধা দিয়েছে গ্রামবাসী।
অবশেষে অনেক কষ্ট করে প্রায় এক কিলোমিটার পথ মরদেহ বহন করে বিকল্প পথ দিয়ে কবরস্থানে প্রবেশ করে মরহুমার দাফন সম্পন্ন করে স্বেচ্ছাসেবী সংগঠন “বিবেক”।

সোমবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা ইউনিয়নের উত্তর মনোহরপুর গ্রামের মো: ফিরোজ মিয়ার সহধর্মিনী পারুল বেগম (৫৫)৷
মরহুমার মারা যাওয়ার খবর শুনে উত্তর মনোহরপুর গ্রামের লোকজন কবরস্থানের প্রবেশ পথে রাতেই বেড়া দিয়ে তালা মেরে দেয়৷ এলাকার লোকজন চেয়েছিল করোনায় মারা যাওয়া নারীকে ঐ কবরস্তানে দাফন না করার জন্য৷
হাসপাতালে মরহুমার স্বামী ও ছেলে এ খবর শুনার পর মরহুমার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে চলে যাচ্ছিল৷ ঘটনাস্থলে উপস্থিত এক লোক এই হৃদয়বিদারক দৃশ্য দেখে স্বেচ্ছাসেবী সংগঠন “বিবেক” টিমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুকে ফোন করে সার্বিক সহযোগিতা চেয়ে ঘটনার বিস্তারিত জানায়৷ ঘটনা শুনে ইউসুফ মোল্লা টিপু ভুক্তভোগী পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তাৎক্ষণিক স্বেচ্ছাসেবী সংগঠন “বিবেক” টিমের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে মরহুমার মরদেহ মঙ্গলবার তার গ্রামের বাড়ি বাগমারার উত্তর মনোহরপুরে নিয়ে যান৷ সেখানে গিয়ে এলাকার লোকদের বোঝানোর চেষ্টা করে ব্যার্থ হয় এবং মসজিদ কমিটির লোকজন থেকে মসজিদের খাটিয়াটি ব্যবহারের জন্য চেয়েও অনুমতি পায়নি৷
এমতাবস্থায় উপায়ন্তর না দেখে বৃষ্টি ভেজা মেঠোপথ ও ধান ক্ষেতের মাঝ দিয়ে এম্বুল্যান্সের স্ট্রেচারে করে প্রায় এক কিলোমিটার মরদেহ বহন করে বিকল্প পথ দিয়ে কবরস্থানে প্রবেশ করে মরহুমার দাফন সম্পন্ন করে৷









