কুমিল্লায় সংবাদপত্র বিলিকারীদের মাঝে ঈদ খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বন্ধু ফোরাম কুমিল্লার সহযোগিতায় সংবাদপত্র বিলিকারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা। মঙ্গলবার বেলা ১১টায় দৈনিক আমাদের কুমিল্লা অফিসে প্রায় অর্ধশত সংবাদপত্র বিলিকারীদের মাঝে এই ঈদ খাদ্য বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল।
স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতি কুমিল্লার সহ সভাপতি ওমর ফারুকী তাপস ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা।
অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, সংবাদপত্র বিলিকারীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন আমাদের মাঝে পত্রিকা বিলি করে ঘরে বসে তথ্য পেতে এবং দেশ বিদেশের খবর জানতে আমাদের সহযোগিতা করে। সাংবাদিক সমিতি কুমিল্লা আজ তাদের ঈদ খাদ্য বিতরণ করে একটি মহৎ এবং প্রশংসনীয় কাজ করেছে। আর এই কাজে সহযোগিতা করার জন্য বন্ধু ফোরাম কুমিল্লাকে অতিথিবৃন্দ ধন্যবাদ জানান।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান বলেন, গেল বছর করোনা কালীন সময়েও করোনা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য উপহার দিতে সার্বিক সহযোগিতা করেছে বন্ধু ফোরাম কুমিল্লা। তিনি বলেন, বন্ধুদের নিয়ে গঠিত এই সংগঠনটি সব সময়ই কুমিল্লার অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিক সমিতির পক্ষ থেকে বন্ধু ফোরামকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।










