কুমিল্লায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিচ্ছে মহানগর যুবলীগ
মাইনুল হক: কুমিল্লায় হতদরিদ্র ও অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের নেতৃত্বে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ধান কেটে দেওয়া হচ্ছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২৫ সদস্যের একটি দল নগরীর ২৫নং ওয়ার্ড’র লইপুরা এলাকার কালা মিয়ার আড়াই কানি (১০০ শতক) জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দেন৷
কৃষক কালা মিয়া বলেন, ধান পেকে গেছে। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দেন৷ তারা আমার ধান কেটে না দিলে আমি বড়ধরনের লোকশানে পড়তাম। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

এ বিষয়ে মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও এমপি বাহার’র নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে আমরা গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছি এবং কৃষকদের ধান কেটে মাড়াই করে দিচ্ছি৷ বর্তমান করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই মহানগরীর গরিব ও অসহায় কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করছে মহানগর যুবলীগ। নগরীর যেখানেই শ্রমিক সংকট, সেখানেই মহানগর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দিচ্ছে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে৷










